আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদক নিরাময় কেন্দ্র বীকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মাদক নিরাময় কেন্দ্র বীকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

টাকার বিনিময়ে সুস্থ মানুষকে মাদকাসক্ত সাজিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে মাদক নিরাময় কেন্দ্র ‘বীকন পয়েন্ট’-এর বিরুদ্ধে। মানবাধিকার সম্মিলিত জোট নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা জানান, নাজরাতান নাঈম রাতুল নামের একজন সুস্থ ব্যক্তিকে তার পরিবারের ষড়যন্ত্রে বীকন পয়েন্টে আটকে রাখা হয়েছে। তিনি একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক, মানবাধিকারকর্মী ও সমাজসেবক।

বিজ্ঞাপন

গত ৩১ জুলাই পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক সেখানে নিয়ে যায়।

মঞ্জুর হোসেনের অভিযোগ, বীকন পয়েন্ট মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজন সুস্থ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৪ জুলাই রাতুল তার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার কথা আমাদের জানিয়েছিলেন। এছাড়া, ২০২১ সালে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্তের দাবি করা হয়। তার স্ত্রীর মৃত্যুর পর কোনো তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল।

মানবাধিকার সম্মিলিত জোট নাজরাতান নাঈম রাতুলকে অবিলম্বে উদ্ধার এবং তার স্ত্রীর মৃত্যুর ঘটনা পুনরায় তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। একই সঙ্গে, এই ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা-সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী এবং অ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদারসহ অন্যান্য মানবাধিকার নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন