বৃষ্টিপাতের প্রবণতা কমে ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও দেশে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ শুক্রবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও দেশে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম বাড়তে পারে।
আজ শুক্রবার রাজনীতিতে কোনো বৃষ্টি হয়নি; সারাদেশের মধ্যে সর্বোচ্চ গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল ঈদের দিনেও রাজধানীতে বৃষ্টি হয়নি; সারাদেশেও বৃষ্টির প্রবণতা কম ছিল।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। এবার তুলনামূলক বেশি বৃষ্টিতে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। তবে দুদিন ধরে বৃষ্টি না থাকায় আবারও দূষণের মাত্রা বাড়ছে।
শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ঢাকার বায়ুমানের স্কোর ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে গত বৃহস্পতিবার শহরটির বায়ুমানের স্কোর ছিল ৭৭। আগেরদিন ছিল ৭৩। আর গত মঙ্গলবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৪৭। দুদিন ধরে বৃষ্টি না থাকায় বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক বেড়েছে।
সেইসাথে বৃষ্টি না থাকায় দুদিন ধরে বর্জ্য- আবর্জনার দুর্গন্ধে বায়ুদূষণকে আরো বাড়িয়ে তুলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

