সরকারের অর্থ সহায়তার অর্থে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জুলাই শহিদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা থেকে শহিদ পরিবারকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার এনবিআর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের ৮২৬ জনকে সরকার অর্থসহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ২৬৪ ধারার ৪ নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ ছাড় দিয়েছে।
গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। এর মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ওই আন্দোলনে কমপক্ষে ২ হাজার মানুষ প্রাণ হারায়। ১৫ থেকে ২০ হাজারের মতো মানুষ আহত হন।
চার ধরনের সঞ্চয়পত্র বাজারে চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এ ছাড়া ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

