স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এমন সাইবার সুরক্ষা আইন করব, যেন সমাজের সব স্তরের মানুষ রক্ষা পায়

এমন সাইবার সুরক্ষা আইন করব, যেন সমাজের সব স্তরের মানুষ রক্ষা পায়
ছবি: আমার দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই, যে আইনে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পায়।’

বিজ্ঞাপন

সোমবার রাজধানীতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোপূর্বে মন্ত্রিসভায় সংশোধনী খসড়া আলোচনার পর সমাজের সর্বস্তরের মতামত গ্রহণের সিদ্ধান্ত হয় । এর অংশ হিসেবে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে নাগরিক, বিভিন্ন মানবাধিকার সংস্থা, শিক্ষার্থী ও আইটি বিশেষজ্ঞদের মতামত সংকলন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি, সবার আলাপ-আলোচনার মধ্য দিয়ে আইনটা সমৃদ্ধ হবে। এখানে আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাইনি, চাইও না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক সেটা আমরা চাই না। যাতে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার কোনো সাংবাদিক অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য একটা প্রস্তাবও এখানে করা হয়েছে যে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটা সার্টেন টাইম লিমিট দেওয়ার কথা বলা হয়েছে। সেটাও আমরা দিছি, যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকে। আরও অন্যান্য বিষয় পরামর্শ আকারে তাদের কাছ থেকে আমরা পাব। সেটা সমন্বয়ের জন্য আমরা পিআইইউ সাহেবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়েছি। আইটি মিনিস্ট্রি এবং ইনফরমেশন মিনিস্ট্রি সেটা কো-অর্ডিনেট করবেন। সংবাদপত্রের সম্পাদক পরিষদের প্রতিনিধিরা থাকবেন এবং সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন। সাইবার সিকিউরিটি বা সাইবার এক্সপার্টদের একটা প্যানেল করা হবে। সেটা আইটি মিনিস্ট্রি করবে। তারা সবাই সমন্বিতভাবে কাজ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি সাত থেকে ১৫ দিনের মধ্যে রিকমেন্ডেশনগুলো পাব। ১৫ দিন পরে আমরা সেটা অফিশিয়ালি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা কমিটি মেম্বার সবার সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব। এরপর সেটা আমরা কেবিনেটে নিয়ে যাওয়ার আগে ওয়েবসাইটে প্রকাশ করব। ওয়েবসাইটে প্রকাশ করলে তখনো আপনারা মতামত দেওয়ার জন্য আপনাদের স্বাধীনতা থাকবে। সেটাও আমরা গ্রহণযোগ্য হলে সেটা ধারণ করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন