৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

রাজধানীবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে পরিচালিত এক সমন্বিত উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে আইন অমান্যকারীদের মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লালবাগ ও ওয়ারী বিভাগ:

পুরান ঢাকার কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও একজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, যাত্রাবাড়ী জোনের গোলাপবাগ মোড় থেকে ধলপুর এলাকায় উচ্ছেদ অভিযানে ১৬ জন ব্যবসায়ীকে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রমনা ও মতিঝিল বিভাগ:

পান্থপথ থেকে গ্রীনরোড পর্যন্ত এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় রমনা বিভাগ। সেখানে অবৈধ পার্কিংয়ের দায়ে ৩৫টি ভিডিও মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত বিশাল এলাকায় অভিযান চালিয়ে ৩০টি দোকানে রেকর্ড ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর ও তেজগাঁও বিভাগ:

মিরপুর ট্রাফিক বিভাগ সনি স্কয়ার ঈদগামাঠ ও চিড়িয়াখানা রোডে অভিযান চালিয়ে ৪টি দোকানকে ৬৭ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, তেজগাঁও বিভাগের টাউনহল, মোহাম্মদপুর ও বসিলা এলাকায় ৩টি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফুটপাত থেকে অবৈধ মালামাল সরিয়ে দেওয়া হয়।

গুলশান ও উত্তরা বিভাগ:

মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ৯টি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে গুলশান বিভাগ। উত্তরার উত্তরা বিভাগ সবচেয়ে বড় পদক্ষেপ নেয় ফুটপাত দখল করা ৫০টি দোকানের বিরুদ্ধে। সেখানে ১০ জনকে গ্রেপ্তার করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং ফুটপাত দিয়ে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় জরিমানার পাশাপাশি মালামাল জব্দ এবং সতর্কবার্তা প্রদান করা হয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ দখলদারদের হাত থেকে জনপথ মুক্ত করতে ডিএমপির এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...