আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উদ্বোধন ১০ মার্চ

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

স্টাফ রিপোর্টার

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারা দেশের ১৪ উপজেলায় প্রাথমিকভাবে এ কার্ড প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্ড দেওয়া হবে।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকার ১৪ ইউনিয়নের ১৪ ওয়ার্ড বাছাই করেছে। আগামী ১০ মার্চ এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে। পরে সব উপজেলাকে এ সুবিধার আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে আড়াই হাজার টাকা।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে এটার ওপর কাজ করেছেন। প্রতি মাসে আড়াই হাজার টাকা করে তারা আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এ কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস ও ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না।

মন্ত্রী বলেন, আমরা হয়তো প্রথমেই পুরো উপজেলায় দিতে পারব না। প্রথমে একটি ওয়ার্ড, তারপর একটি ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়নÑএভাবে আমরা গ্র্যাজুয়ালি (ক্রমান্বয়ে) এটাকে কভার করব। এভাবেই সারা দেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।

‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন