প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

স্টাফ রিপোর্টার

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে 
চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব। ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।

এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরো জানানো হয়, দেশের প্রাথমিক শিক্ষাকে আরো প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

সূত্র জানায়, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। তাদের মধ্যে বালক ৪৬ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৭৩৪ জন।

এ বছরের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দল ও ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। অপরদিকে বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল এবং ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় মাঠে নেমেছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ১৪ হাজারের বেশি ক্ষুদে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ প্রায় দুই মাসের প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন খেলাধুলায় পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয় পর্যায়ে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ান ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা দল রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সমঅংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন