ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, আমি এখন পড়ন্ত বিকেলের পরিব্রাজক। উপাচার্যের দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাননি বলে জানান।
বিষয়টি প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তন অত্যন্ত জটিল এবং এটি নিখুঁতভাবে সম্পন্ন করতে সরকারের কিছুটা সময় প্রয়োজন। তাই তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সম্মানে এই মাহফিলের আয়োজন করা হয়েছিল।
নিজের বর্তমান অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে উপাচার্য বলেন, আজ থেকে দেড় বছর আগের অবস্থার সঙ্গে যদি তুলনা করি, তাহলে বলা যায় আমাদের পারস্পরিক সম্পর্কের একটি ভালো উদাহরণ গত দেড় বছরে তৈরি হয়েছে। শান্তি ও সম্প্রীতির একটি ভালো উদাহরণ তোমরা সৃষ্টি করেছ। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্যও দোয়া করি।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডাকসুর ট্রেজারার অধ্যাপক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের কেন্দ্রীয় নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

