জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আসামিদের বিরুদ্ধে দুদক এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রথম মামলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে পাঁচ কোটি ৩১ লাখ টাকার বেশি সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবের ৬২ কোটি ৮ লাখ টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এ সময় আরও জানা যায়, দ্বিতীয় মামলায় তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন এবং নিজ নামীয় ২৫টি ব্যাংক হিসাবের ৫০ কোটি ৪৩ লাখ টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদ ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে। এ মামলায় বাবার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২ কোটি ৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া রাকিবুজ্জমানের নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

