ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান পরিচালনাগত সংকট, পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এবং গ্রাহকদের আন্দোলনে বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে সামাজিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ।

সংগঠনটি বলেছে, ব্যাংকটির নিয়ন্ত্রণ কাঠামো ও ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তন নিয়ে জনমনে যে প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাধীন তদন্তের কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, সিটিজেন ইনিশিয়েটিভ দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান সংকট গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এমডি) নিয়োগ ও পরিবর্তন, এবং এসব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা শুধু দেশের ব্যাংকিং খাতের সুশাসন, স্বচ্ছতা এবং জনআস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যাংকটির নিয়ন্ত্রণ কাঠামো, পরিচালনা পর্ষদ গঠন এবং শীর্ষ ব্যবস্থাপনা পরিবর্তনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং অংশীজনদের (আমানতকারী ও শেয়ারহোল্ডার) যথাযথ অংশগ্রহণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এসব সিদ্ধান্ত যদি রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ বা পতিত কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থে প্রভাবিত হয়ে থাকে, তবে তা দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করে। ব্যাংকের মালিকানা কাঠামো, পরিচালনা পর্ষদ পরিবর্তন এবং শীর্ষ ব্যবস্থাপনা নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো কী প্রক্রিয়ায় এবং কোন আইনি ভিত্তিতে নেওয়া হয়েছে; সে বিষয়ে জনসম্মুখে স্পষ্ট ব্যাখ্যা থাকা জরুরি।

সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জের ব্যবহার শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে। সিটিজেন ইনিশিয়েটিভ স্পষ্টভাবে মনে করে, নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক অংশ, এবং তা অবশ্যই সংযত পদ্ধতিতে পরিচালিত হওয়া উচিত।

সিটিজেন ইনিশিয়েটিভের দাবি

১. ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন সংক্রান্ত সব সিদ্ধান্তের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া জনসম্মুখে প্রকাশ করতে হবে।

২. যদি রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যাংকের নিয়ন্ত্রণ কাঠামো পরিবর্তনের অভিযোগ থাকে, তবে তার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে তা বাতিল করতে হবে।

৩. গ্রাহক ফোরামের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত পরিচালনা করতে হবে।

৪. আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।

৫. বাংলাদেশ ব্যাংক-কে ব্যাংকের সাম্প্রতিক সকল প্রশাসনিক ও পরিচালনাগত পরিবর্তন সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে।

৬. গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের সঙ্গে আনুষ্ঠানিক ও নিয়মিত সংলাপের ব্যবস্থা করতে হবে।

৭. আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনো পদক্ষেপ মানবাধিকারসম্মত, সংযত ও জবাবদিহিমূলক হতে হবে।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, ইসলামী ব্যাংককে ঘিরে চলমান সংকট বাংলাদেশের ব্যাংকিং খাতের সুশাসন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কাঠামোর স্বচ্ছতা এবং নাগরিক অধিকারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সংকটের টেকসই সমাধান কেবলমাত্র সরকারের পক্ষ থেকে সদিচ্ছা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংলাপের মাধ্যমেই সম্ভব।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন