আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাড্ডায় বাউন্ডারি দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

বাড্ডায় বাউন্ডারি দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন বাড়ির সীমানা দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু কন্যা মারা গেছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকার ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো—আয়েশা মনি (১২) ও নুসরাত (৫)। আয়েশা ওই এলাকার বাসিন্দা ও রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়তো। অন্যদিকে, নুসরাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। তারা আয়েশাদের বাড়িতেই ভাড়া থাকতো।

বিজ্ঞাপন

​নিহত আয়েশার বাবা ইকবাল জানান, সকালে বাড়ির পাশে আয়েশা ও নুসরাত খেলাধুলা করছিল। পাশেই একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। খেলা করার সময় হঠাৎ ওই বাড়ির একটি পুরাতন বাউন্ডারি দেয়াল তাদের ওপর ধসে পড়ে। এতে দুজনেই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।​

​স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতালের পরিবেশে শোকের ছায়া নেমে আসে। সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মায়েরা।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লাশ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

​নির্মাণাধীন ভবনটিতে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...