৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা

পুন:নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই হতে ৩ আগস্ট এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট হতে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার জন্য একগুচছ নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনাগুলো হলো-পরীক্ষা হলে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর,সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস,ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন বর্ণিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস. প্রেরণ করা হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

পরীক্ষার হলে কোন প্রার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসি গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া, পিএসসি আইন, ২০২৩ এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোন অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, তিনি যে ধারার অধীন অপরাধ সংঘটন করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দন্ডে দন্ডিত হবেন।

এদিকে পিএসসির আলাদা আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের পরীক্ষা হলে উপস্থিতি বিষয়ে বলা হয়-পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

পিএসসির আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়-বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ সকাল ৯.৪৫ মিনিটের পর কোন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে।

সুষ্ঠুভাবে বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসির পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন