রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেশমা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তিনি বরিশালের শশীপুর এলাকার বাসিন্দা। অন্যজনের নাম জানা যায়নি।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের সেখানে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আহত নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসে। নির্বিঘ্নে লোকজন এখন বাড়ি যাচ্ছে।
জানা গেছে, টার্মিনালে অবস্থান করা একটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছিল। এসময় পেছন থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝে পড়ে গুরুতর আহত হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন জানান, দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ জানান, আহতদের একজন অন্তঃসত্ত্বা হওয়ায় তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লঞ্চ দুটির চালক বা সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

