অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই বিপ্লবকে অবজ্ঞা করা হলে জাতির জন্য সমূহ বিপর্যয় নেমে আসতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, ইতিহাসকে উপেক্ষা করলে জাতি দিকভ্রান্ত হয়ে পড়ে।
মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মিলনায়তনে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে ত্যাগ ও আত্মদানের ইতিহাস সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য এক অমূল্য সম্পদ।
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের রক্ত ও শ্রম কোনো দিন বৃথা যাবে না। তাদের আত্মত্যাগের ফলেই অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছেন, নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতে পেরেছেন এবং অন্যায়ভাবে কারাবন্দি ব্যক্তিরা মুক্তি লাভ করেছেন।’
তিনি আরো বলেন, এই বিপ্লবের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরং এ ইতিহাসকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তিনি বলেন, দেশের জনগণ একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। ক্ষমতায় টিকে থাকার জন্য অসাংবিধানিক বা অনৈতিক পন্থা অবলম্বনের প্রবণতা পরিহার করতে হবে। অন্যথায়, জনগণের ক্ষোভ থেকে পুনরায় গণঅভ্যুত্থানের সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

