বৌদ্ধদের ধর্মীয় উৎসবে বছরে দুই দিন ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বৌদ্ধদের ধর্মীয় উৎসবে বছরে দুই দিন ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুই দিন সরকারি ছুটির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, অন্যান্য প্রধান ধর্মীয় সম্প্রদায়ের বছরে দুই দিন করে ছুটি থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে এক দিন ছুটি রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত ‘শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উৎসব উদ্‌যাপনের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান বাজেট তুলনামূলক কম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বৌদ্ধ ট্রাস্টের প্যাগোডাভিত্তিক শিক্ষাব্যবস্থা রয়েছে। এ কার্যক্রমের পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্ম মানুষের মধ্যে সঠিক ও ভুলের পার্থক্য উপলব্ধি করতে সহায়তা করে। কঠিন চীবর দানের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলা। বর্তমান সরকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণ নিশ্চিত করতে সামাজিক সুরক্ষাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে দল-মত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের সহযোগিতা করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে রাজকীয় জীবন ত্যাগ করে ধর্মের বাণী প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। তিনি বিভিন্ন দেশ ও অঞ্চলে ঘুরে ধর্মের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উন্নয়নে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। তিন কোটি টাকা উৎসব উদ্‌যাপনের জন্য দেওয়া হয়েছে। যথাযথ প্রকল্প গ্রহণ করলে আরও বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনস্তম্ভ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড. জগন্নাথ বড়ুয়া। এ সময় আরও বক্তব্য দেন ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস. লোকজিৎ মহাথের প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন