বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তা

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি

স্টাফ রিপোর্টার

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি
ফাইল ছবি

নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়াও নেত্রকোনার কামলাকান্দা, সিলেটের কানাইঘাট, ফেঞ্জুগঞ্জ এবং বাগেরহাটের মোংলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আমার দেশকে বলেন, ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদনদীর পানি বেড়ে উত্তরের চার জেলায় সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা আগামী ৫দিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন আমার দেশকে বলেন, ভারী বৃষ্টির কারণে ওই চার জেলায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আগামী কয়েকদিন স্থায়ী স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে সতর্ক বন্যা পূর্বাভাস কেন্দ্র বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও খুলনা বিভাগসহ উজানের ভারতের অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধির অন্যতম কারণ।

আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে, যদিও তা বিপৎসীমার নিচেই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী কয়েক দিন তা অপরিবর্তিত থাকতে পারে, এরপর কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং আগামী তিন দিনে তা সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানিও ওঠানামা করছে। আগামী দিনগুলোতে এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...