আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে টিআইবি

নির্বাচন কমিশনকে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনকে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে

নির্বাচন কমিশনের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির সম্মেলনকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী কোনো দেশের মোট জনসংখ্যার অন্তত ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধী। সে হিসাবে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা দুই কোটিরও বেশি হওয়ার কথা। যদিও দেশে পরিচালিত বিভিন্ন জরিপে নানা কারণে এই সংখ্যা তুলনামূলকভাবে কম দেখানো হয়। তিনি বলেন, এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে মূলধারার রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার কথা ভাবা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কিছু নির্দিষ্ট দাবি ও প্রত্যাশা রয়েছে। এসব প্রত্যাশাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে—প্রথমত, প্রতিবন্ধিতা বিষয়ে জাতীয় অঙ্গীকার রক্ষা; দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন; এবং তৃতীয়ত, সাধারণ কিছু প্রত্যাশা।

জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিবন্ধী প্রতিনিধিদের মনোনয়ন দেয় না। ফলে সংসদে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসনের ব্যবস্থা প্রয়োজন। সংসদে অন্তত তিনজন প্রতিবন্ধী সদস্য মনোনয়ন দিলে মোট আসনের এক শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মত দেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, স্থানীয় সরকারের সব স্তরে—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে—প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণ করা হলে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পাবেন। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, পরিবহন ব্যবস্থা ও প্রযুক্তিতে প্রবেশগম্যতা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী অঙ্গীকার ছাড়া সমাধান সম্ভব নয়।

নির্বাচনি পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রতি কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে ধরে তিনি বলেন, ভোটের দিনে প্রতিবন্ধী ভোটারদের জন্য যানবাহন ব্যবহারের সুযোগ, দৃষ্টিপ্রতিবন্ধীদের গাইডসহ ভোট প্রদানের ব্যবস্থা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রের নিচতলায় বিশেষ বুথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, সদস্য সচিব খন্দকার জহুরুল আলম, ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন এক্সপার্ট ও আইজেনহাওয়ার ফেলো ডা. নাফিসুর রহমান, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল এবং প্রতিবন্ধী প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...