ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থ নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আমির হামজা দাবি করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার অফিসিয়াল ফেসবুক পেজের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা অভিযোগ ও ফেক রিপোর্ট দিয়ে পেজটি অপসারণ করেছে। তিনি জানান, প্রায় সাড়ে ৬ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার ভেরিফাইড ফেসবুক পেজটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছেন। কিন্তু একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার পেজের বিরুদ্ধে ভুয়া স্ট্রাইক ও মিথ্যা অভিযোগ দিয়ে আসছিল, যার ফলেই পেজটি ডিজেবল হয়ে গেছে।
এ ঘটনাকে ‘পরিকল্পিত সাইবার হামলা’ উল্লেখ করে আমির হামজা বলেন, আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি প্রতিপক্ষ দল ও তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের নেক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে তারা মনে করেন। তিনি অভিযোগ করেন, অফলাইনের পাশাপাশি অনলাইনে তার নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া পড়ায় প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে এবং সে কারণেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
আমির হামজা আরও বলেন, ফেসবুক কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে এবং তার টেকনিক্যাল টিম পেজটি পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। প্রয়োজনে ডিজিটাল অপরাধে জড়িতদের শনাক্ত করতে দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।
এ সময় তিনি তার নামের আগে ‘মুফতি’ শব্দ ব্যবহারের একাডেমিক ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল হকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

