নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই কড়া নির্দেশনা দেন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিমন্ত্রী নির্দেশ দেন, সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এতে করে যাত্রীরা সহজেই সঠিক ভাড়া জানতে পারবেন এবং হয়রানি এড়ানো সম্ভব হবে।
যাত্রীসেবার মান বৃদ্ধিতে জোর দিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের প্রতি দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণের আহ্বান জানান। পাশাপাশি সদরঘাট টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলার তাগিদ দেন। পরিদর্শনকালে তিনি সরাসরি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
তিনি বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের নিয়মিত টার্মিনাল ও নৌযান পরিদর্শন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


