ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সাইফুল আলম মিলন বলেন, ঢাকা শহরে যারা বাস করেন তাদের চারটা সমস্যা। একটা হল জলাবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত প্রাকৃতিক খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আমার ঢাকা-১২ এলাকাসহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে। জায়গায় জায়গায় হাঁটু পানি।
তিনি বলেন, ২৭ নম্বরেও (ধানমণ্ডি) পানি জমে। বিজয়সরণীতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের প্রান্থপথের উত্তর পাশে একটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়ে মার্কেট করা হয়েছে। যার ফলে পান্থপথের উত্তর দিকের আবাসিক এলাকায় বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। এটিসহ আরও এলাকার জলবদ্ধতা দুরে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
জামায়াতের এই এমপি বলেন, ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকে, মানুষ ওয়াসার পানি খেতে পারে না। মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেকদিন বাইরে ছিলেন। আমিও সেখানে ছিলাম কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ভালো করার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাচ্ছি। নোংরা বর্জ্য ব্যবস্থাপনা। জায়গায় জায়গায় ভাগাড় বসানো হয়েছে, গন্ধ বের হচ্ছে। এগুলোর সমাধান করা দরকার।
গ্যাসের সমস্যায় পুরো ঢাকা শহর ভুগছে বলে উল্লেখ করেন তিনি বলেন, ৪০-৫০ বছরের অনেক পুরাতন গ্যাস লাইন। এগুলো সংস্কার করা দরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

