আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় কমিটির কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার বিকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াস্পোরা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন হয়।
সারজিস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যখন সারা দেশে বাংলা ব্লকেড এবং শাটডাউন ঘোষণা চলছিল, সে সময় প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি রেখে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার সুযোগ রাখা উচিত। আগামীতে যে নির্বাচনটি হবে সেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বাস্তবায়ন আমরা দ্রুত দেখতে চাই।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা বলেন, রাজনীতিতে ভালো মানুষ আসে না সেই ধারণাটি ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ভেঙে দিয়েছে। আমরা ৩০টি দেশের ৭৫ জন সদস্য নিয়ে এই কমিটি গঠন করেছি। আমাদের এই কমিটি আরো বর্ধিত হবে। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির ৭৫ সদস্য বিশিষ্ট এক কেন্দ্রীয় ডায়াস্পোরা কমিটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক ঘোষণা দেন।
সঞ্চালক আলাউদ্দিন মোহাম্মাদ জানান, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সময়ে প্রবাসে যারা ছিলেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মধ্যে প্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসীদের রেমিট্যান্স এবং ইউরোপে পোশাক রপ্তানিকে গুরুত্ব দিয়ে গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থকে একত্রিত করে এই কমিটি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

