ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত শনিবার আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। তিতাস গ্যাসক্ষেত্রে আরো তিনটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এসব কূপ খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরো সাড়ে চার কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেনÑজ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব জিয়াউল হক ও বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, বিজিএফসিএল ও সিসিডিসির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের তথ্য অনুযায়ী, তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। কাজ শেষ হয় চলতি বছরের ১৯ জুন। কূপটি খননে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তিতাস-কামতা গ্যাসক্ষেত্রে চারটি কূপ খনন প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি।
দেশের চলমান জ্বালানি সংকটের সময়ে নতুন কূপ থেকে দৈনিক গ্যাস সরবরাহ শুরু হওয়া ইতিবাচক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হতে আমরা ১৫০টি কূপ খননের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২৭টি কূপের খননকাজ চলছে। তিতাস-২৮ সেগুলোর একটি। প্রতিমন্ত্রী বলেন, আমরা যে দামে আগে এলএনজি কিনতাম, এখন তার দু-তিন গুণ দাম দিতে হচ্ছে। এ ব্যয় বহন করার সক্ষমতা আমাদের নেই।
প্রায় দেড় দশক দেশীয় গ্যাস কোম্পানিগুলো অবহেলিত ছিল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, এতে দেশের জ্বালানি সরবরাহে এসব প্রতিষ্ঠানের অবদান রাখার সক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। এখন আমরা এসব প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ তৈরি করেছি। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে রাষ্ট্রীয় অনুসন্ধান প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) আরো শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
চলমান গ্যাস সংকটের কারণে অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি আমদানি করে চাহিদার একটি অংশ পূরণ করা হচ্ছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বলেন, আমদানির পাশাপাশি এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করছি।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বলেন, চলমান তিতাস-৩১ দেশের সবচেয়ে গভীর কূপ খনন প্রকল্প।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


