রাজধানীর তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন— তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনে এ আয়োজন থাকত।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকে প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়, মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে তার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সি হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে এসেছেন। দর্শনার্থীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় রয়েছে জাতীয় পতাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

