বায়ুদূষণে বিশ্বের ১০০ দেশের মধ্যে আজ শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯, যা খুবই অস্বাস্থ্যকর। এছাড়া নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে এই মান নির্ণয় করা হয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মতে, নগরীর একটি স্থানে দূষণের মাত্রা ৪০০-এর বেশি উঠে গিয়েছিল।
এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিশরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭।
বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

