৩৮ জেলায় বইছে তাপপ্রবাহ

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

স্টাফ রিপোর্টার

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

আগের দিনের তুলনায় তাপপ্রবাহের পরিধি কমলেও তাপমাত্রা বেড়েছে। এতে সারা দেশে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ও যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিন ছিল দিনাজপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবারও একই ধরনের তাপমাত্রা ছিল নীলফামারী সৈয়দপুরে। এর আগে ১ জুন খুলনায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের ন্যায় পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর তাপমাত্রাও। আগের দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা মঙ্গলবার ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি।

বিজ্ঞাপন

দেশের কোথাও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির তাপমাত্রাকে বলা হয় ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে সেটিকে ধরা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’।

এদিকে থেকে গত বুধবার দেশের ৪৮ জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও বৃহস্পতিবার তা কিছুটা কমে ৩৮ জেলায় বয়ে যায়। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম আরও তীব্র হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকাজুড়ে বৃষ্টি হয়নি। দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দিনের সর্বোচ্চ সিরাগঞ্জের তাড়াশে ২৮, দিনাজপুরে ১৮, ময়মনসিংহে ৯, শ্রীমঙ্গলে ৫, পঞ্চগড়ের তেতুলিয়ায় ও নেত্রকোণায় ৪, কিশোরগঞ্জের নিকল, বগুড়ায় ও খুলনায় ২ মিলিমিটার করে এবং চট্টগ্রামের সন্দ্বীপে সামান্য মিলিমিটার বৃষ্টি হয়েছে। এভাবে চলতি মাসের শুরু থেকেই দেশের অধিকাংশ এলাকাজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপপ্রবাহের সঙ্গে বাতাসে বেশি আর্দ্রতার কারণে সারা দেশে অসহনীয় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে ছটফট করছে সারা দেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিল এবার বর্ষা মৌসুম জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। জুনের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলছে, চলতি মাসে দুই থেকে তিনটি ‘মৃদু’ থেকে ‘মাঝারি’ তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন