দুর্ঘটনা রোধে গাড়ির বেপরোয়া গতি কমান

দুর্ঘটনা রোধে গাড়ির বেপরোয়া গতি কমান
প্রতীকী ছবি

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি। বেপরোয়া গতি ও যানবাহনের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করা গেলে অনেক দুর্ঘটনা রোধের পাশাপাশি রক্ষা পাবে অসংখ্য মানুষের জীবন। প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর যত সড়ক দুর্ঘটনা ঘটে, তার অর্ধেকের বেশি ঘটে বেপরোয়া গতির কারণে। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ৬ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়। তাই শুধু গতি নিয়ন্ত্রণ করতে পারলেও বছরে কয়েক হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব। গাড়ির বেপরোয়া গতির কারণে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। ফলে দিন দিন দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি বেপরোয়া গতির যানবাহনের চাপায় কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনা জনসাধারণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। বিশেষ করে, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল সড়কে বিভিন্ন পরিবহন কোম্পানির বাসের বেপরোয়া গতি বিপজ্জনক রূপ নিয়েছে।

অনেক চালক সড়কের নির্ধারিত গতিসীমানা মেনেই বেপরোয়া গতিতে যানবাহন চালান। কখনো কখনো ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করা, প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতাও দেখা যায়। এর ফলে শুধু চালক ও যাত্রীরাই নন, পথচারী এবং অন্যান্য যানবাহনের চালক ও আরোহীরাও ঝুঁকির' মধ্যে থাকেন। মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে মানুষের মূল্যবান প্রাণ, ভেঙে দিতে পারে একটি পরিবারের স্বাভাবিক জীবন। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করতে হবে। বিশেষ করে জনবহুল এলাকা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যস্ত সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন। প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকারসহ অন্যান্য গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চালকদের যথাযথ প্রশিক্ষণ, লাইসেন্স যাচাই এবং নিরাপদ গাড়ি চালানো সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। সড়ক মানুষের চলাচলের নিরাপদ মাধ্যম হওয়ার কথা, আতঙ্কের কারণ নয়।

তাই বেপরোয়া গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন