কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে নূরনবী ফকির (৪৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নূরনবী ফকির উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মৃত মতিউর রহমান মতির ছেলে। তিনি জোনাইল বাজার এলাকায় জনতা ব্যাংকের পাশে একটি দোকানে দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের ব্যবসা ও ওয়েল্ডিংয়ের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেলে নিজের ওয়ার্কশপে থাকা কেমিক্যাল রাখার একটি পরিত্যক্ত ড্রাম কাটছিলেন নূরনবী। কাটিং যন্ত্রের সংস্পর্শে আসার পর ড্রামটির ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ড্রামের ধাতব অংশ ছিটকে এসে তার মাথা ও মুখে আঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

পরে অ্যাম্বুলেন্সে করে জামালপুর নেওয়ার পথে নূরনবীর মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন