শিক্ষক পেটানোর অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শিক্ষক পেটানোর অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মিজানুর রহমান নামের এক কলেজ শিক্ষককে তুলে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার পাহাড়তলী কলেজে এ ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে রোববার বিকেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ওসি আব্দুর রহিম জানান, 'আমরা ঘটনাটি শুনেছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছি।'

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, শনিবার তিনি পাহাড়তলী ডিগ্রি কলেজে ক্লাস নিচ্ছিলেন। এ সময় তাকে কলেজ থেকে তুলে নিয়ে যান কয়েকজন যুবক। ওই যুবকেরা বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগার অনুসারী বলে তিনি জানতে পারেন। এ সময় তারা কলেজের অধ্যক্ষসহ কয়েকজনকে ভিডিও কলে রেখে পেটাতে থাকেন এবং বলতে থাকেন, 'এই দেখেন পেটাচ্ছি।'

মিজানুর রহমান বলেন, 'আমি কলেজের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি গণমাধ্যমে কথা বলায় বগা আমাকে তুলে নিয়ে পিটিয়েছেন। প্রথমে ইমন, ফয়সালসহ কয়েকজন ছেলে আমাকে কলেজের কক্ষ থেকে তুলে নেন এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে পেটাতে থাকেন। পেটানোর সময় তারা অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও শিক্ষক মনির আহম্মদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তারা আমাকে আর চাকরি করতে দেবেন না বলেও হুমকি দেন।'

এ বিষয়ে জানতে ওয়াকিল হোসেন বগাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

খুলশী থানার ওসি আব্দুর রহিম জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওই শিক্ষকের সঙ্গে কলেজের অধ্যক্ষের বিরোধ চলছিল। ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কেন তার ওপর হামলা করা হয়েছে এবং কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেব।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন