ইরাকের বিভিন্ন সরকারি স্থাপনায় হওয়া একাধিক বোমা হামলায় ‘ইউক্রেনীয় সেল’ জড়িত রয়েছে বলে নতুন তথ্য পাওয়া গেছে।
দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবৌদি এ দাবি করেছেন।
আরবি ভাষার সংবাদমাধ্যম ‘দাজলা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে আল-আবৌদি বলেন, নতুন কিছু তথ্য-প্রমাণ ইরাকে ‘ইউক্রেনীয় হস্তক্ষেপের’ দিকে নির্দেশ করছে। কতিপয় ইউক্রেনীয় সেলের সদস্য ইরাকের সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে এসব বোমা হামলা চালিয়েছে।
তবে আনুষ্ঠানিকভাবে কারো ওপর দায় চাপানোর আগে এ বিষয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার আগে আমাদের আরো বিশদ তদন্ত করতে হবে।’
ইরাকি এই নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা ইতোমধ্যে একটি ছোট দলকে গ্রেপ্তার করেছেন।
তিনি বলেন, ‘আমরা অল্প কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা ইউক্রেনের হয়ে কাজ করার কথা স্বীকার করেছে। তারা ইরাকের কিছু সরকারি স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।’
তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় কিংবা হামলার সুনির্দিষ্ট বিবরণ নিয়ে তিনি বিশদ কোনো তথ্য দেননি।
এদিকে ইরাকি কর্মকর্তার এই বিস্ফোরক দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

