মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং এমএ ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সান্ধ্যকালীন প্রোগ্রামের ইইই বিভাগের ২৬তম ব্যাচ, সিএসই বিভাগের ২১তম ব্যাচ এবং এমএ ইন ইংলিশের ৩৭তম ও ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বড় একটি কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আমিনুজ্জামান, ইইই বিভাগের প্রভাষক মো. দীন ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক মীর জারিন তাসনিম।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মিজানুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে নয়, দেশ ও সমাজের কল্যাণেও কাজে লাগাতে হবে।

তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বে নিজেদের দক্ষতা ও জ্ঞান নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার আহ্বান জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন