পাহাড়ের সৌন্দর্য যতটা দৃশ্যমান, পাহাড়ের মানুষের বঞ্চনা ততটাই অন্তরালে। মেঘের গায়ে রৌদ্রের খেলা, সবুজের গহন আবরণ কিংবা সর্পিল পাহাড়ি পথ দেখে পর্যটকের চোখ মুগ্ধ হয়; কিন্তু সেই পথের ভাঙাচোরা বাস্তবতা বয়ে বেড়ায় যে মানুষ, তার কাছে জীবন কোনো নৈসর্গিক উপাখ্যান নয়। সেখানে অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য দুর্গম পথ পাড়ি দিতে হয়, শিক্ষার্থীকে প্রতিকূল ভূপ্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বিদ্যালয়ে যেতে হয় এবং কৃষককে উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার খুঁজতে হিমশিম খেতে হয়। এই বাস্তবতার নামই প্রান্তিক জীবন।
একজন পাহাড়ি নাগরিকের অধিকার যেমন রাষ্ট্রের রাজধানীতে বসবাসকারী মানুষের সমান, তেমনি রাষ্ট্রীয় সেবার প্রাপ্যতাতেও থাকা উচিত সমতার দীপ্তি।
পাহাড়ের উন্নয়নকে তাই নিছক অবকাঠামো নির্মাণের পরিসংখ্যানে আবদ্ধ রাখলে চলবে না। একটি বিদ্যালয়ের ভবন দাঁড়িয়ে থাকলেই শিক্ষার আলো প্রজ্বলিত হয় না; প্রয়োজন যোগ্য শিক্ষক, প্রযুক্তিগত সুযোগ, নিরাপদ যাতায়াত এবং অনুকূল পরিবেশ।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পাহাড়ের বাস্তবতা কঠিন। দুর্গম অঞ্চলে একটি চিকিৎসাকেন্দ্রের অস্তিত্ব আর কার্যকর চিকিৎসাসেবা এক কথা নয়। চিকিৎসক, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, জরুরি পরিবহন ও আধুনিক চিকিৎসা-সুবিধার ঘাটতি থাকলে প্রতিষ্ঠানটি পরিণত হয় নিছক স্থাপনায়।
শিক্ষা ও কর্মসংস্থানের প্রশ্নটি আরো গভীর। পাহাড়ের তরুণদের সামনে যদি মানসম্মত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত না হয়, তবে তাদের সম্ভাবনার একটি বড় অংশ অন্ধকারেই নিঃশেষ হবে। অথচ পাহাড়ি কৃষি, ফলচাষ, হস্তশিল্প, ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশবান্ধব পর্যটনে বিপুল সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু পরিকল্পিত বিনিয়োগ, সহজ অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা ও বাজারসংযোগ। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের তরুণ হাত কর্মপ্রার্থী নয়, কর্মস্রষ্টার পরিচয় বহন করতে পারে।
তবে উন্নয়নের নামে পাহাড়ের অস্তিত্বকে বিপন্ন করা যাবে না। নির্বিচারে পাহাড় কাটা, বন উজাড়, ঝরনা ও জলধারার স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ কিংবা অপরিকল্পিত স্থাপনা নির্মাণের পরিণতি কোনো একক বর্ষার দুর্যোগে সীমাবদ্ধ থাকে না। এর অভিঘাত ছড়িয়ে পড়ে মাটি, পানি, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনে। পাহাড়ের উন্নয়ন হতে হবে প্রকৃতিবান্ধব, দীর্ঘমেয়াদি ও ভূপ্রকৃতিসচেতন। প্রকৃতিকে নিঃশেষ করে যে উন্নয়ন দাঁড়ায়, তা আসলে ভবিষ্যতের জন্য বিপর্যয়ের ভিত নির্মাণ করে।
আরেকটি বিষয় অনস্বীকার্য—পাহাড়ের মানুষের অংশগ্রহণ ছাড়া পাহাড়ের উন্নয়ন পূর্ণতা পাবে না। যাদের জীবন, সংস্কৃতি ও অভিজ্ঞতা পাহাড়ের মাটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, পরিকল্পনা প্রণয়নে তাদের কণ্ঠকে গুরুত্ব দিতে হবে। ওপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার চেয়ে স্থানীয় বাস্তবতা ও মানুষের অভিজ্ঞতাভিত্তিক পরিকল্পনা অধিক কার্যকর। উন্নয়ন হতে হবে অংশীদারত্বের; অভিভাবকসুলভ কর্তৃত্বের নয়।
রাষ্ট্রের উপস্থিতিও তাই নতুনভাবে ভাবতে হবে। রাষ্ট্রের পদচিহ্ন শুধু প্রশাসনিক ভবনের চৌহদ্দিতে দৃশ্যমান হলে চলবে না; তার অস্তিত্ব অনুভূত হতে হবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে, স্বাস্থ্যকেন্দ্রের শয্যায়, দুর্গম সড়কে, কৃষকের বাজারে, তরুণের কর্মক্ষেত্রে এবং বিপন্ন মানুষের নিরাপত্তায়। নাগরিক যখন বিপদের মুহূর্তে রাষ্ট্রকে পাশে পায়, তখনই রাষ্ট্রের প্রতি আস্থা প্রাতিষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সামাজিক বন্ধনে রূপ নেয়।
পাহাড় বাংলাদেশের ভূগোলের প্রান্তভূমি হতে পারে, নাগরিক অধিকারের প্রান্তভূমি নয়। রাষ্ট্রের উন্নয়নের প্রকৃত সাফল্য রাজধানীর উঁচু ভবন কিংবা প্রকল্পের ব্যয়বহুল পরিসংখ্যানে নয়; তার সত্যিকার পরীক্ষা হয় সবচেয়ে দুর্গম জনপদের মানুষের জীবন কতটা নিরাপদ, মর্যাদাশীল ও সম্ভাবনাময় হয়েছে সেখানে। অতএব পাহাড়কে শুধু পর্যটনের নৈসর্গিক পটভূমি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে।
পাহাড় কোনো দূরবর্তী ভূখণ্ড নয়—এ রাষ্ট্রেরই অখণ্ড বাস্তবতা; এখানকার মানুষও রাষ্ট্রের সমান মর্যাদার নাগরিক। তাদের কাছে পৌঁছাতে হবে সেবা নিয়ে, সুযোগ নিয়ে এবং ন্যায়সংগত উন্নয়ন নিয়ে। দুর্গম পথ যতই কণ্টকিত হোক, রাষ্ট্রের দায়িত্বের পথ তার চেয়ে দুর্গম হতে পারে না। দুর্গম পাহাড়ে তাই রাষ্ট্রের পদচিহ্ন আরো গভীর হোক উন্নয়নের প্রদর্শনীতে নয়, মানুষের জীবনের দৃশ্যমান পরিবর্তনে।
লেখক: কবি ও ছড়াকার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


