চট্টগ্রামের সীতাকুণ্ডের জাফরনগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ে ক্লাসে ৭ ছাত্রী ইয়াবা সেবন করে অচেতন হয়ে পড়েছে। এ খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পরিদর্শকদের অনুসন্ধানে ইয়াবা সেবনের কোনো তথ্য বা প্রমাণ মেলেনি। মূলত কয়েকজন ছাত্রী ঘুমের ট্যাবলেট সেবন করার ঘটনাকে কেন্দ্র করে এই বিভ্রান্তিকর গুজব ছড়ানো হয়েছে।
বিদ্যালয়ের গণিত শিক্ষক জাহেদ হোসেন জানান, অনুসন্ধানে সব মিলিয়ে ৬ জন ছাত্রীর ঘুমের ট্যাবলেট সংগ্রহ ও সেবনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে বিষয়টি জানানো হয় এবং আপাতত তাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী রোববার ও সোমবার ওই ছাত্রীরা ক্লাসে অনুপস্থিত ছিল।
প্রধান শিক্ষক শ্যামল কুমার নাথ জানান, এক শিক্ষার্থীর কাছ থেকে ‘সিডিল’ নামক ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবা সেবনের খবরটি সম্পূর্ণ অসত্য ও অপ্রমাণিত। ঘটনাটি কেবলই ঘুমের ওষুধ সেবনসংক্রান্ত। ৬ ছাত্রীকে শনাক্ত করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, রোববার শিক্ষকদের সাথে বৈঠকে ইয়াবা সেবনের কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি। পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দেখে প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি, ঘটনাটি মূলতঃ ঘুমের ওষুধকেন্দ্রিক।
তথ্য যাচাই ছাড়া স্পর্শকাতর এ খবর না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ভিত্তিহীন গুজব কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও তাদের পরিবারের সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

