কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তারাও শিশু ও কিশোর।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কানুতো জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে তারা সাও ফিলিপ শহরে ফিরছিলেন। গ্রামটি কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে অবস্থিত। ফেরার পথে পাহাড়ি সড়ক থেকে বাসটি ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন বাসটির চালক। প্রতি বছর তিনি নিজ খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও শিক্ষার্থীদের নিয়ে তিনি এমন একটি সফরের আয়োজন করেছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর রাতভর উদ্ধারকাজ চালান জরুরি বিভাগের কর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তাঁদের দীর্ঘ সময় কাজ করতে হয়। বাসটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় গিয়ে থেমেছিল। দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ে।

কেপ ভার্দেতে এ ধরনের বড় সড়ক দুর্ঘটনা বিরল। দেশটির সড়কগুলো সাধারণত ভালো অবস্থায় থাকে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যানবাহনের অবস্থাও ভালো।

রোববার ভোরে সাতজনের লাশ দাফন করা হয়। দেশটির পাবলিক রেডিও নেটওয়ার্ক আরসিভির তথ্য অনুযায়ী, বাকি নিহতদের লাশও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন