সরকার গঠনের পর থেকেই জনমনে অসন্তোষ তৈরি হয়েছে এবং মানুষ এখন পরিবর্তন চাইছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ বলছেন, তারা আর কখনো বিএনপিকে ভোট দেবেন না।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সরকার ও বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেন এলডিপি সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তার ৮৮ বছরের জীবনে এমন পরিস্থিতি কখনো দেখেননি, যেখানে সরকার গঠনের পরপরই মানুষ বলতে শুরু করে যে এই সরকার টিকবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অতীতের একটি স্লোগানের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, অতীতে তারা গ্যাস ও বিদ্যুতের দাবিতে সরকারকে গদি ছাড়ার হুংকার দিয়েছিলেন।
এ সময় তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে সৎ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্বে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না।
১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এই লং মার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে অলি আহমদ বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নিলে নিয়মতান্ত্রিক উপায়েই তা আদায় করতে বাধ্য করা হবে। এটি তাদের আন্দোলনের দ্বিতীয় রাউন্ড চলছে বলে উল্লেখ করেন তিনি।
লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানান এলডিপি সভাপতি। তবে মিছিলে কেউ বাধা সৃষ্টি করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, লং মার্চে অংশ নেওয়া দলগুলো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, বরং সুশাসন ও কোরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


