আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের নাগোয়া ও আইচিতে পর্দা উঠতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমসের। প্রতিযোগিতা শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তাদের আবাসন সংকট নিয়ে চরম বিপাকে পড়েছে স্থানীয় আয়োজক কমিটি।
আয়োজক কমিটির সভাপতি ও আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা জানিয়েছেন, বাড়তি হাজার হাজার মানুষের আবাসন, বাজেট বা জনবল—কোনোটিরই সামর্থ্য তাদের নেই। ফলে বাধ্য হয়ে আয়োজক কমিটি সাফ জানিয়ে দিয়েছে, অতিরিক্ত সদস্যদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। ওমুরার ভাষ্য, ‘আমরা খুব সীমিত বাজেটে কাজ করছি। তারা যদি তবু আসতে চান, তাহলে তাদের নিজেদের ব্যবস্থা করতে হবে।’
নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়াও সীমিত বাজেটের মধ্যে এই বাড়তি চাপ সামলানোকে অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে গেমস শুরুর মুখে এই আবাসন সংকট আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
শুরুতে গেমসে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা থাকলেও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানায়, এই সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছাতে পারে—যার মধ্যে ১১ হাজার অ্যাথলেট এবং ৬ হাজার কর্মকর্তা রয়েছেন। বিশেষ করে এবার প্রথমবারের মতো টেকবল ও প্যাডেলের মতো নতুন খেলা যুক্ত হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
খরচ কমাতে আয়োজকেরা এবার আলাদা কোনো ‘অ্যাথলেট ভিলেজ’ তৈরি করেননি। এর পরিবর্তে প্রমোদতরি (ক্রুজ শিপ), কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী ঘর এবং শহরের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে অংশগ্রহণকারী বেড়ে যাওয়ায় এই বাজেট ও ব্যবস্থার বাইরে নতুন সংকট তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

