রাজধানীতে চিকিৎসক অপহরণ, পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা

রাজধানীতে চিকিৎসক অপহরণ, পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল। গতকাল বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র, সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানান।

গতকাল সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তুলে নেয়।

কিছুক্ষণ পর মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় তাকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। এ সময় ওই এলাকায় টহল ডিউটিতে থাকা পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনে দ্রুত শব্দের উৎসের দিকে ছুটে যান এবং ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। বিপদের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন