মিয়ানমারে পাচারের আগে ৩৫ টন সারসহ ৩ ট্রাক জব্দ, আটক ২ 

মিয়ানমারে পাচারের আগে ৩৫ টন সারসহ ৩ ট্রাক জব্দ, আটক ২ 

মিয়ানমারে পাচারের জন্য রাতের আঁধারে কার্গো বোটে তোলা হচ্ছিল ৩৫ টন ইউরিয়া সার। বাঁশবাড়িয়া ঘাটে কোস্ট গার্ডের অভিযানে পাচারের আগেই ধরা পড়ে বিশাল এ চালান। জব্দ করা হয়েছে ৭০০ বস্তা সার ও পাচারে ব্যবহৃত তিনটি ট্রাক। আটক করা হয়েছে দুইজনকে। কোস্ট গার্ডের হিসাবে জব্দ সারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। পরে উপজেলা প্রশাসন জব্দ সার ৮ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করেছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার, তিনটি ট্রাক ও দুইজনকে আটক করেন।

জব্দ করা সার নিলামে বিক্রির তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। তিনি আমার দেশকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জব্দ করা ৭০০ বস্তা সার নিলামে দেন। এতে ৮ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া গেছে। নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

তিনি আরো বলেন, জব্দ করা তিনটি ট্রাক উপজেলা পরিষদে নেওয়া হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে মামলা করা হবে। আটক ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

তবে আটক দুই ব্যক্তির পরিচয়, সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন