গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনীর। সোমবার গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরাইলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় একটি ইসরাইলি ড্রোন একটি বেসামরিক গাড়িতে হামলা চালালে তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। তাদের লাশ আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রটি আরো জানায়, মধ্য গাজা শহরের গাজা মিউনিসিপ্যালিটি পার্কের কাছে একটি আবাসিক ভবনের প্রবেশপথে ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হন।
অন্য একটি ঘটনায়, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের কর্মীরা গাজা শহরের উপকূল থেকে ইসরাইলি যুদ্ধজাহাজের গুলিতে আহত পাঁচজন জেলেকে আল-শিফা হাসপাতাল এবং আল-সারায়া ফিল্ড হাসপাতালে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, গাজা শহরের উপকূলে কর্মরত জেলেদের নৌকার ওপর ইসরাইলি যুদ্ধজাহাজ গুলি ও গোলাবর্ষণ করে, এতে বেশ কয়েকজন আহত হন।
উত্তর গাজায়, আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, বেইত লাহিয়ায় একটি ইসরাইলি ড্রোন বোমা ফেলার পর ১৬ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে।
আনাদোলুকে দেওয়া চিকিৎসা সূত্রের তথ্যমতে, দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ ও পশ্চিম সাতর এলাকায় ইসরাইলি ড্রোনের গুলিতে ও বোমায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে আরও জানিয়েছেন যে, হামাদ আবাসিক শহরের বাড়িঘরের দিকে ইসরাইলি সামরিক যান ও ড্রোন ভারী গোলাবর্ষণ করে, এতে দুই ফিলিস্তিনি আহত হন।
ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী হামাদ এলাকায় গুলি চালানোর পর বাস্তুচ্যুতদের দুটি তাঁবুতে আগুন লাগলে তাদের কর্মীরা তা নিভিয়ে ফেলে।
পশ্চিম সাতরে, ইসরাইলি ড্রোন থেকে ফেলা বোমার স্প্লিন্টারের আঘাতে একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
চিকিৎসা ও স্থানীয় সূত্রের মতে, মধ্য গাজায় দেইর আল-বালার পূর্বে ইসরাইলি সামরিক যানগুলো ভারী গোলাবর্ষণ শুরু করলে এবং এলাকাটির চারপাশে গোলাবর্ষণ চলতে থাকলে একজন ফিলিস্তিনি নারী গুরুতরভাবে আহত হন।
স্থানীয় সূত্র আরও জানিয়েছে যে, ইসরাইলি সেনাবাহিনী দেইর আল-বালার পূর্বে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ভবন ও স্থাপনা ধ্বংস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকায় হামলা বন্ধ করার আহ্বান সত্ত্বেও ইসরাইল এই হামলাগুলো চালানো হয়েছে।
১৭ আগস্ট মার্কিন সম্প্রচারকারী ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের গাজায় হামলা চালানো উচিত নয়।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে, তেল আবিবের চুক্তি লঙ্ঘনের ফলে ১,৩১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,৩৭৫ জন আহত হয়েছেন, এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৭৩,৪৫৪ জনে পৌঁছেছে এবং আরও ১,৭৪,৪৮৬ জন আহত হয়েছেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


