চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের একটি রাস্তার ওপর ময়লা ফেলা নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে হামলা চালান। এ সময় রিয়াজ, সুখী, ফারুক ও আশুরাসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
আহতদের স্বজনরা জানান, রাস্তার ওপর ময়লা ফেলার মতো একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় তারা আতঙ্কিত। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বাদীপক্ষ মামলা করলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

