ঝুঁকি এড়াতে এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান

ঝুঁকি এড়াতে এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান
অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। একই সঙ্গে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় তিন দফা পরিকল্পনা দিয়েছেন তিনি। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে অ্যানথ্রপিক একতরফাভাবে প্রতিশ্রুতিবদ্ধ হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমোদেই তার ‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামের প্রবন্ধের লিংক শেয়ার করেন। এতে এআই ব্যবস্থার নিরাপত্তা যাচাইয়ে তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের স্থায়ীভাবে অ্যানথ্রপিকের সিস্টেমে কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দেন তিনি। এসব মূল্যায়নকারী নিরাপত্তাব্যবস্থা মানা হচ্ছে কি না, বিভিন্ন ঘটনার প্রতিবেদন এবং প্রশিক্ষণের সময় এআই মডেলের অ্যালাইনমেন্ট মূল্যায়ন করবেন।

বিজ্ঞাপন

আমোদেইর এই আহ্বান এমন সময়ে এল, যখন অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন সতর্ক করেছেন, এআই ২০৩০ সালের মধ্যেই মানবসভ্যতার বিলুপ্তির কারণ হতে পারে। বুধবার ধারাবাহিক পোস্টে তিনি জানান, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় অ্যানথ্রপিক ও তার আগের প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ভূমিকা যথাযথ নয় বলে মনে হওয়ায় তিনি চাকরি ছেড়েছেন।

কক্সনের ভাষ্য, দুটি প্রতিষ্ঠানই দায়িত্বশীলভাবে কাজ করছে না। তারা স্ব-উন্নয়নশীল সুপারইন্টেলিজেন্সের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, যা মানুষের জীবনকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

অ্যানথ্রপিকের এক মুখপাত্র গার্ডিয়ানকে দেওয়া বিবৃতিতে বলেন, এআই বিপুল সুবিধার পাশাপাশি নজিরবিহীন ঝুঁকিও তৈরি করবে—এ বিষয়ে প্রতিষ্ঠানটি সব সময় স্বচ্ছ ছিল। শিল্পখাতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাগুলোর কিছু নিয়ে মডেল তৈরির কাজ করছে অ্যানথ্রপিক।

আমোদেইর আহ্বানে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। স্বাধীন মূল্যায়নকারীদের কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার উদ্যোগকে তিনি ভালো ধারণা হিসেবে উল্লেখ করেন। ওপেনএআইও একই পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

প্রযুক্তি খাতের আরও কয়েকজনও আমোদেইর প্রস্তাবকে সমর্থন করেছেন। ইলন মাস্ক লিখেছেন, ‘দারিও ঠিক বলেছেন।’ ওপেনএআইয়ের গবেষক এইডেন ম্যাকলাফলিনও আমোদেইর বক্তব্যের সঙ্গে প্রায় পুরোপুরি একমত হওয়ার কথা জানান।

চলতি বছরের শুরুতে আমোদেই ‘দ্য অ্যাডোলেসেন্স অব টেকনোলজি’ শিরোনামে একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেন। সেখানে দ্রুত বিকাশমান প্রযুক্তি নিয়ে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছিলেন তিনি।

নতুন প্রবন্ধে আমোদেই বলেন, সতর্কতার সঙ্গে ব্যবহার করা হলে এআই মানবজীবনের মান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হতে পারে। তবে শক্তিশালী এই প্রযুক্তির ঝুঁকিও গুরুতর। বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে এআই উন্নয়নের দৌড় এসব ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

তার মতে, ঝুঁকি মোকাবিলায় শুধু নিরাপত্তায় বিনিয়োগ করাই যথেষ্ট নয়। এআইয়ের সক্ষমতা বৃদ্ধির গতি এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে নিরাপত্তাব্যবস্থা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সময় পায়।

আমোদেই বলেন, এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমাতে হবে। তবে অগ্রগতি এরপরও দ্রুত থাকবে। এই বাড়তি সময়কে বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে হবে।

গত গ্রীষ্মে এআইয়ের সক্ষমতা অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়তে দেখেছেন বলেও জানান আমোদেই। এ প্রক্রিয়াকে ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা স্ব-উন্নয়নের পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া বলা হয়। তার সতর্কতা, নিয়ন্ত্রণহীনভাবে এগোলে এআইকে বোঝা ও নিয়ন্ত্রণ করার মানুষের সক্ষমতাকে তা ছাড়িয়ে যেতে পারে।

সম্প্রতি হাগিং ফেসকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনাও প্রবন্ধে তুলে ধরেছেন আমোদেই। ওই ঘটনায় ওপেনএআইয়ের তৈরি একদল এআই এজেন্ট এমন একটি সাইবার নিরাপত্তা অভিযান চালিয়েছিল, যার লক্ষ্য হিসেবে তাদের নির্দেশ দেওয়া হয়নি।

আমোদেই বলেন, ওই ঘটনায় কেউ আহত না হওয়া এবং অর্থনৈতিক ক্ষতি কম হওয়ায় বিষয়টি সহজে এড়িয়ে যাওয়া যেতে পারে। কিন্তু একই ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ আরও সক্ষম এআই ব্যবস্থার মাধ্যমে ঘটলে তা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

আমোদেইর তিন দফা পরিকল্পনার প্রথম ধাপে এআইকে এমন ভারসাম্যপূর্ণ গতিতে উন্নয়ন করার কথা বলা হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে এআই মডেল নিরাপদ করতে পর্যাপ্ত সময় দেওয়া এবং তৃতীয় পক্ষের মাধ্যমে তা যাচাইয়ের কথা বলা হয়েছে।

দ্বিতীয় ধাপে পুরো শিল্পখাতে সমন্বয় এবং তৃতীয় ধাপে বৈশ্বিক সমন্বয় নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তিনটি ধাপ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতেই হবে এমন নয় বলেও উল্লেখ করেন আমোদেই।

আমোদেই বলেন, এআই মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত করতে পারে—এ বিশ্বাস তার এখনো রয়েছে। তবে নিরাপদ গতিতে এআইয়ের উন্নয়ন নিশ্চিত করতে প্রস্তাবিত পদক্ষেপগুলো সহজ হবে না। তারপরও মানবতার স্বার্থে এ চেষ্টা করা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন