অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর আগে জনসংখ্যা ছিল প্রায় ২৩ লাখ। প্রায় তিন বছরের চলমান আগ্রাসনে উপত্যকার ৭৩ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছেন। এ হিসাবে যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের প্রতি ৩৩ বাসিন্দার একজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে। গত বছরের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও স্থানীয় ফিলিস্তিনিদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আগের ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির ১০ মাসে অন্তত ১,২৮৫ ফিলিস্তিনি নিহত ও ৪,২৫২ জন আহত হয়েছেন। এছাড়া এ সময়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় আরো ৮১৩ জনের লাশ। সব মিলিয়ে গাজায় প্রায় তিন বছরের চলমান গণহত্যায় ৭৩ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ৩৬৪ জন।
আগ্রাসনের আগে গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি ৩৩ জনে একজন নিহত হন। অন্যদিকে আহত হন প্রতি ১৪ জনে একজন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় গাজাজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক ফিলিস্তিনির লাশ চাপা পড়ে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
ইউনিসেফের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৭ অক্টোবর পর্যন্ত দুই বছরে গাজায় ইসরাইলি হামলায় ২০ হাজার ১৭৯ জন শিশু নিহত ও ৪৪ হাজার ১৪৩ জন আহত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

