বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহপালিত হাঁস নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর রাড়িপাড়া ইউনিয়নের উত্তর ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বেদার মল্লিক (৬৫) ওই বাসিন্দা। এ সময় নিহতের স্ত্রী, ছেলে ও পুত্রবধূসহ আরো তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার একটি গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ হায়দার মল্লিকের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও কাঠের লাঠি নিয়ে বেদার মল্লিকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক পিটুনিতে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) এবং পুত্রবধূ সুমি (২১) গুরুতর আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ছেলে কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রমজান (২৩), তার স্ত্রী লামিয়া (১৯) এবং মা ফাতেমাকে (৪৫) আটক করে।
এ বিষয়ে কচুয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

