আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইডেন কলেজে শাখা কমিটি গঠনের প্রস্তুতি

শারমিন আক্তার

ইডেন কলেজে শাখা কমিটি গঠনের প্রস্তুতি

পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশ পাঠকমেলা নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা কমিটি গঠন করে আসছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে পাঠকমেলার শাখা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ লক্ষ্যে সম্প্রতি কলেজের আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে সভাপতিত্ব করেন সম্ভাব্য কমিটির নেতৃত্বে থাকা হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শারমিন আক্তার। মিটিংয়ের শুরুতে তিনি উপস্থিত সদস্যদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

এরপর পাঠকমেলা কী, এর উদ্দেশ্য কী ও কার্যক্রমগুলো কী—সেই সব বিষয়ে তিনি সংক্ষেপে আলোকপাত করেন। তিনি আরো বলেন, পাঠকমেলা কেবল একটি সংগঠন নয়; সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে মেধা বিকাশে সহায়ক প্রতিষ্ঠান। এ লক্ষ্যেই এটি ভূমিকা পালন ও সাংগঠনিক দক্ষতা বাড়াবে। ক্যারিয়ার-বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক আয়োজন, নিয়মিত পাঠচক্র, মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর মতপ্রকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাঠকমেলা।

অনলাইন মিটিং হোস্ট করেন ইডেন মহিলা কলেজ শাখার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জোলেখা আক্তার জিনিয়া। তার সঞ্চালনায় মিটিংটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়। আগ্রহী সদস্যরা পাঠকমেলা নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিটিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পরিচয় ও মতামত পর্ব। এতে প্রত্যেকে নিজের নাম, সেশন ও বিভাগ উল্লেখ করে পাঠকমেলা সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন। কেউ পাঠকমেলাকে দেখছেন চিন্তাশীল পাঠকের মিলনমেলা হিসেবে, কেউ দেখছেন তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি নিরাপদ ক্ষেত্র হিসেবে। এই স্বতঃস্ফূর্ত মতামত বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের আগ্রহ ও মানসিক প্রস্তুতির প্রতিফলন ঘটে।

পরবর্তী ধাপে শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। এতে আগ্রহী সদস্যদের জিজ্ঞেস করা হয়, তারা কীভাবে পাঠকমেলা সম্পর্কে জানতে পেরেছেন, কার মাধ্যমে জেনেছেন, দায়িত্ব পেলে কীভাবে তা পালন করবেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন কি না এবং কেন নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন। এসব প্রশ্নের মাধ্যমে তাদের সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও প্রতিশ্রুতি যাচাই করা হয়। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দেন এবং পাঠকমেলার মতো একটি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশা মনি (ইংরেজি বিভাগ), মিথিলা আক্তার (সমাজকর্ম বিভাগ), মোসাম্মত তানজিলা (রসায়ন বিভাগ), মায়মুনা খান (মার্কেটিং বিভাগ), সিনথিয়া ইয়াসমিন (ম্যানেজমেন্ট বিভাগ), শিউলী আরোহী (ইতিহাস বিভাগ), আজরীন সুলতানা (দর্শন বিভাগ), হোসনে আরা সীমা (অর্থনীতি বিভাগ), তাশফিয়া আহমদ এবং মীম ইসলাম (ইসলামিক ইতিহাস বিভাগ)।

সব মিলিয়ে এই অনলাইন মিটিং ইডেন মহিলা কলেজে পাঠকমেলা শাখা কমিটি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাঠ ও চিন্তার চর্চায় নতুন প্রজন্মকে আরো এক ধাপ এগিয়ে নিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সবার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...