মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতারা এই শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর। তাঁর জীবন ও রাজনীতির মূল প্রেরণা ছিল মজলুমের পক্ষে আপসহীন অবস্থান। তিনি সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষমতা কিংবা প্রভাবশালী মহলের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দেওয়া তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। বর্তমান সমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনার নানা বাস্তবতা বিদ্যমান থাকায় তাঁর এই আপসহীন অবস্থান নতুন করে উপলব্ধি করা জরুরি।

সংগঠনটির সদস্য সচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে, রাজনীতি হলো মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তাঁর সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

বিবৃতির শেষাংশে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ মরহুম মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁর আদর্শ ধারণ করে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন