নেতৃত্বে অধিক নারীর অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে: এনসিপি

• অপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা

নেতৃত্বে অধিক নারীর অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বস্থানীয় পর্যায়ে অধিক হারে নারীর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। নারীর প্রতি নিপীড়ন ও যৌন হয়রানিমূলক প্রচারের নিন্দা জানিয়ে এনসিপি বলেছে, এ ধরনের প্রচার অব্যাহত থাকলে সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসের ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচার চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশই নয়; বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।

এনসিপি বলেছে, দীর্ঘ দেড় যুগের গুম-খুন, ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন। সুতরাং তাদের প্রতি যে কোনো ধরনের অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে। এনসিপি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, এমনকি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীও এ যৌন হয়রানিমূলক প্রচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। অনেক অনলাইন মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বও এক্ষেত্রে দায়িত্বহীনতা, অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে। একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা জনপরিসরে তাকে আরো বেশি অরক্ষিত করেছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উসকে দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে উল্লেখ করে দলটি।

বিবৃতিতে আরো বলা হয়, এনসিপি নারীদের প্রতি এ ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে ভবিষ্যতে এনসিপি সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন