উম্মাহর ঐক্য ও আলেম-ওলামাদের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে যেকোনো বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, বর্তমান সময়ে যখন উম্মাহর ঐক্য, সংহতি, আলেম-ওলামাদের সম্প্রীতি ও বন্ধন দেশবাসীর কাম্য, সেই সময়ে বিভাজনমূলক বক্তব্য ফ্যাসিস্ট পলাতক শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, জামায়াত মনে করে মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান করা যায়। মতপার্থক্য নিরসনে পারস্পরিক সম্মান ও যুক্তিনির্ভর আলোচনা হতে পারে অধিকতর গঠনমূলক পথ।
শনিবার কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন আমীর/সভাপতি-সেক্রেটারি, সদস্য (রুকন) এবং অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত পৃথক তিনটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর শিক্ষাশিবিরগুলো পরিচালনা করেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশে অতীতেও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা সময়ে নেতিবাচক ও তীর্যক বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এসব মন্তব্য সত্ত্বেও জামায়াতের আদর্শিক ও রাজনৈতিক অগ্রযাত্রা থেমে যায়নি। জামায়াত আদল ও ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জনের জন্য দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে দলটির সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সুন্নাতে রাসুলের আলোকে জীবন গঠন শীর্ষক আলোচনায় তিনি বলেন, ঈমান-আকিদা, ইবাদত, পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্র এবং প্রাত্যহিক জীবনের সব ক্ষেত্রে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতির আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। রুকনদের মান সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি ইলম, আমল ও ত্যাগের মাধ্যমে শপথের দাবি পূরণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, চারিত্রিক শক্তিই ইসলামী আন্দোলনের প্রধানতম হাতিয়ার। যতদিন আমরা নীতি-নৈতিকতা ও ইসলামী আদর্শের ওপর অটল-অবিচল থাকব, ততদিন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম বলেন, আত্মার পরিশুদ্ধি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন অন্তরই দুনিয়া এবং আখেরাতে সফলতার মাপকাঠি।
শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত থেকে বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


