পতিত স্বৈরতন্ত্রের ফেরার যেকোনো চেষ্টা জনগণের ঐক্যে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, স্বৈরতন্ত্রকে বিদায় দেওয়া হলেও রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামো ও মানসিকতা পুরোপুরি বদলানো যায়নি; জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরতন্ত্রের পক্ষেই আর রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না।
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদনকালে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, ঢাকা মহানগর বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন রনি ও পার্টির সদস্য নান্টু দাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় সাইফুল হক বলেন, ‘ডাক্তার মিলনের শাহাদাত ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি বাঁক পরিবর্তনের ঘটনা। তাঁর আত্মত্যাগ পুরো আন্দোলনকে দ্রুত গণজাগরণ ও ছাত্র-গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল।’
১৯৯০ সালের আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মিলনের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল ২৫ নভেম্বর তোপখানা রোডে। তিনি চিকিৎসকদের আন্দোলনকে বৃহত্তর গণআন্দোলনের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা করতে এসেছিলেন। আমরা ব্যক্তি এরশাদকে বিদায় দিয়েছিলাম, কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামো ও ফ্যাসিবাদী চিন্তা ও মানসিকতা পুরোপুরি ভাঙতে পারিনি। পরবর্তীতে স্বৈরতন্ত্রের সঙ্গে আপস ও যোগসাজশের রাজনীতি গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক হয়েছে।’
বিগত সরকারের প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘যারা ভোট ও ভাতের অধিকারের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, তারাই প্রায় দেড় দশক মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে দুঃশাসন চালিয়েছেন। ১৫ বছরের লড়াই এবং পরবর্তী ৩৬ দিনের সংগ্রামকে গণঅভ্যুত্থানে পরিণত করে আমরা স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি। কিন্তু পতিত স্বৈরতন্ত্র এখনো বিভাজনকে কাজে লাগিয়ে ফেরার পাঁয়তারা করছে।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দায় স্বীকার, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়া আবার স্বৈরতন্ত্রের ঘোষণা দিয়ে রাজনীতি করা যাবে না। আইনের মুখোমুখি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও চোরাগোপ্তা পথে ফেরার পাঁয়তারা কেন?’
সাইফুল হক আরও বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার ও গণতান্ত্রিক ধারার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করা যাবে না। শহীদ মিলনের সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


