দেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা, চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করা—শিক্ষার্থী ও তরুণ সমাজের সামনে এই তিনটি বড় চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ (Beyond Campus : Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান যে তিনটি চ্যালেঞ্জ বা বিশেষ বার্তা তুলে ধরেন, তা নিচে দেওয়া হলো:
১. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশ গড়ার কাজে যুক্ত হওয়া: ডা. শফিকুর রহমান বলেন, কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ছাত্র সংসদ প্রতিনিধিরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। তবে শুধু এই পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার চ্যালেঞ্জ নিতে হবে। পাশাপাশি ছাত্রজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
২. চাকরিজীবী নয়, সব ক্ষেত্রে উদ্যোক্তা ও নেতা হওয়া: তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ—সব ক্ষেত্রেই তরুণদের উদ্যোক্তা ও নেতা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
৩. অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠন: বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন পরিবর্তন চাই, যেন বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্যরা যেন বাংলাদেশকে অনুসরণ করে। আর এই জায়গা তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একদল মানুষের রাতারাতি বদলে যাওয়া, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি, গণভোটের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণেই দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




