ড. শফিকুল ইসলাম মাসুদ

পতিত ফ্যাসিবাদীদের মতোই স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে

পতিত ফ্যাসিবাদীদের মতোই স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, পতিত ফ্যাসিবাদীদের মতোই স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে। তবে আওয়ামী লীগ সব খাতকে দলীয়করণ করতে দীর্ঘ সময় নিলেও বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই সেই প্রক্রিয়া শুরু করেছে। সর্বক্ষেত্রে বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃত্বে চিকিৎসক সমাজ যেভাবে ফ্যাসিবাদের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিল, সেই ঐক্য বজায় রেখে ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, চব্বিশের আন্দোলন আমাদের জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। এই ঐক্য বজায় রেখেই জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট করতে দেশি-বিদেশি অনেক শক্তি চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভেতরেও এসব শক্তির বিচরণ দেখা যাচ্ছে। এরা জাতির দুশমন, তাদের চিনে রাখতে হবে।

ড. মাসুদ এমপি বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের ডাক দেওয়ার পরও যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে বুঝতে হবে দল ও সরকার প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, সরকার ঐক্য প্রতিষ্ঠার লক্ষে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। তবে সেই সংলাপ এক টেবিলে বসে কেন সম্ভব হবে না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সত্যিকারের ঐক্য প্রতিষ্ঠার জন্য সব পক্ষের অংশগ্রহণে একসঙ্গে সংলাপ হওয়া প্রয়োজন। আলাদা আলাদা বৈঠক কখনো সংলাপ হতে পারে না; বরং এটি সংলাপের নামে সরকারের নতুন তামাশা। তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকারকে আহ্বান জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে একটি সংলাপের আয়োজন করতে। তাহলে কোন দল কীভাবে জাতীয় ঐক্য চায়, তা জাতির সামনে পরিষ্কার হবে। যারা সত্যিকারের ঐক্য চায় না, তারাই এক টেবিলে বসতে ভয় পায়।

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মতিঝিল জোন পরিচালক ডা. মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং মতিঝিল জোন সভাপতি ডা. রাইয়ান হাসারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও সেক্রেটারি ডা. নূর উদ্দিন তালুকদার। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের স্থানীয় অধ্যাপক, কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...