ইয়েমেনে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নরওয়ের এনজিও প্রধানের সতর্কবার্তা

ইয়েমেনে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নরওয়ের এনজিও প্রধানের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত।

ইয়েমেনে তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে শিশুরা ইতিমধ্যে মারা যাচ্ছে বলে সতর্ক করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) মহাসচিব ইয়ান এগেলান্ড। দেশটিতে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে মানবিক বিপর্যয়। বিশেষ করে উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও সংকটজনক।

বিজ্ঞাপন

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এগেলান্ড বলেন, তিনি ইয়েমেনে ভয়াবহ মানবিক চাহিদা দেখেছেন, যার বেশির ভাগই কোনোভাবে পূরণ করা হচ্ছে না।

তিনি জানান, হুতিদের নিয়ন্ত্রণাধীন উত্তর ইয়েমেনে কয়েক বছর আগেও শতাধিক মানবিক সহায়তা সংস্থা কাজ করত। বর্তমানে সেখানে সক্রিয় সংস্থার সংখ্যা কমে মাত্র ১০ থেকে ১৪টিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশটির বিভিন্ন এলাকায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অনেক জায়গায় পর্যাপ্ত চিকিৎসাকেন্দ্রও নেই বলে জানান তিনি।

এগেলান্ড বলেন, মানবিক সহায়তাকর্মী হিসেবে ৪০ বছরের অভিজ্ঞতায় এত বিপুলসংখ্যক মানুষের তীব্র প্রয়োজন মেটাতে এত কমসংখ্যক সহায়তা সংস্থাকে কাজ করতে দেখেননি তিনি।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়েমেনে ২ কোটি ৩১ লাখ মানুষ জীবন রক্ষাকারী মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন